পরিষদে আসেন না চেয়ারম্যান, ভোগান্তিতে ইউনিয়নবাসী

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদে গত এক মাস ধরে জন্ম নিবন্ধনের জন্য ঘুরছেন উত্তরপাড়া গ্রামের মকবুল হোসেন। প্রতিদিনই এসে দেখেন চেয়ারম্যানের দরজায় ঝুলছে বিশাল এক তালা। কবে আসবেন চেয়ারম্যান তার কোনো উত্তরই পাচ্ছেন না তিনি।

চেয়ারম্যানের একটি স্বাক্ষর পেতে মকবুল হোসেনের মতো তালুককানুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মথুরাপুর গ্রামের গৃহিণী পারভীন বেগম, ৩নং ওয়ার্ডের সিংহডাংগা গ্রামের বৃদ্ধ আলম মিয়া তাদের কাজের জন্য পরিষদে ঘুরছেন দিনের পর দিন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তালুককানুপুর ইউনিয়নে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের তেলিয়া, দামোদরপুর, ফুলবাড়ি, ছোট নারায়নপুর, ছোট নারিচাগাড়ী, বেড়া মালঞ্চ, চিয়ারগ্রাম, দেবপুর, সিংহডাংগা, উত্তরপাড়া, চক শিবপুর, রাঘবপুর, কাপাসিয়া, তালুককানুপুর, নোদাপুর, সমসপাড়া, চন্ডিপুর, তাজপুর, সুন্দইল, উত্তর ছয়ঘড়িয়া, কমল নারায়নপুর, বড় নারায়নপুর, মথুরাপুর গ্রাম থেকে প্রতিদিন শত শত মানুষ তাদের জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদ, স্থায়ী বাসিন্দা সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন প্রত্যয়নে একটা স্বাক্ষর পেতে দিনের পর দিন ঘুরছে পরিষদের বারান্দায়।

প্রতিদিন ইউনিয়ন পরিষদে যাতায়াতের ফলে সাধারণ জনগণের অতিরিক্ত টাকা ও সময় অপচয় হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে ইউনিয়নবাসী। চেয়ারম্যান শূন্য পরিষদে যেন আকাশ ভেঙে পড়েছে ইউপি সচিবের মাথায়।

ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ রহমান বলেন, চেয়ারম্যান স্থানীয় আওয়ামীলীগের একজন সক্রিয় নেতা। পুলিশের হাতে গ্রেপ্তারের ভয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে আসেন না তিনি । এতে মুখ থুবড়ে পড়েছে গ্রাম আদালত, মাসিক মিটিংসহ পরিষদের অন্যান্য কার্যক্রম।

তালুককানুপুর ইউনিয়ন পরিষদের একজন ওয়ার্ড সদস্য জানান, গত ৫ আগস্টের পর থেকে তিনি ইউনিয়ন পরিষদে আসেন না। এমনকি তার ফোন পর্যন্ত বন্ধ। তাই সাধারণ মানুষের তীব্র ভোগান্তি হচ্ছে।

তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মন্ডলের মোবাইল নাম্বারে একাধিকবার কল করলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ প্রসঙ্গে, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, তালুককানুপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অনুপস্থিতির বিষয়টা জানতে পেরেছি। আরো খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত