চীন-ইরান-রাশিয়ার সঙ্গে দ. আফ্রিকার যৌথ মহড়া

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০২ এএম

দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দুই দেশের মধ্যে চলা শীতল উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের তিন প্রতিদ্বন্দ্বী শক্তি চীন, ইরান ও রাশিয়ার যুদ্ধজাহাজ নিয়ে একটি যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্য দিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপড়েন আরও বৃদ্ধি পেল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি কেপ উপদ্বীপের সাইমনস টাউন এলাকায় অবস্থিত দক্ষিণ আফ্রিকার প্রধান নৌঘাঁটিতে চীন, ইরান ও রাশিয়ার পতাকাবাহী যুদ্ধজাহাজ ভিড়তে দেখা গেছে।

সপ্তাহব্যাপী এ সামরিক মহড়া গত শুক্রবার থেকে শুরু হয়েছে; চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। মহড়ার নেতৃত্ব দিচ্ছে চীন। এতে ২০০৬ সালে যাত্রা করা উন্নয়নশীল কয়েকটি বড় দেশের জোট ব্রিকসের অন্য সদস্যরাও অংশ নিচ্ছেন।

দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, যৌথ সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম, সমন্বিত নৌ-মহড়া এবং সমুদ্র সুরক্ষাবিষয়ক নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির জন্য বিভিন্ন দেশের যুদ্ধজাহাজগুলো একত্রিত হয়েছে। কোন দেশ কীভাবে মহড়ায় অংশ নিচ্ছে, তা স্পষ্ট করে জানায়নি দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রতিরক্ষা দপ্তরের ভাষ্যমতে, জাহাজ চলাচল এবং সমুদ্রকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করা এ যৌথ মহড়ার উদ্দেশ্য।

তবে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌ-মহড়ায় দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ এটাই প্রথম নয়। দেশগুলো ২০১৯ সালে ‘মোসি’ শিরোনামে সর্বপ্রথম যৌথ সামরিক মহড়ায় চালিয়েছিল। চলমান এ মহড়া গত বছর নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় দক্ষিণ আফ্রিকায় জি-২০-এর শীর্ষ বৈঠক থাকায় তা স্থগিত করা হয়েছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মহড়ার সম্প্রসারণ কিছুটা ভিন্ন বার্তা দিচ্ছে। এতে করে নিজের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সম্পর্কে আরও দূরত্ব তৈরি হলো। প্রতিরক্ষা বিশ্লেষক ডিন উইংরিন বলেন, এটি নিঃসন্দেহে কিছু দেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক আলোচনাকে জটিল করে তুলতে পারে। গত বছর হোয়াইট হাউজে এক বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে তীর্যক বাক্যবাণে বিদ্ধ করেছিল ট্রাম্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত