আগামী ২২ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এ কথা জানান। সালাহউদ্দিন বলেন, ‘পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন। ২২ জানুয়ারি প্রথমে তিনি সিলেট শহরে হয়রত শাহ জালাল (রহ.) এবং খাদিমনগরে হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।’
বিএনপি প্রতিষ্ঠার পর থেকে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে এবং খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে সব কয়টি নির্বাচন সিলেটে থেকেই নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন।
এদিকে তারেক রহমানের সিলেটে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট জেলা বিএনপি ও মহানগর বিএনপি।
জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, ‘আগামী ২২ জানুয়ারি ৩৬০ আউলিয়ার আধ্যাত্মিক নগরী সিলেট থেকে তারেক রহমান নির্বাচন প্রচার শুরু করবেন। এখানে উনি সকালে প্রথমে শহরে হযরত শাহ জালাল (রহ.) এবং শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খাদিমনগরে হযরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের প্রথম জনসভায় বক্তব্য রাখবেন।’
তিনি বলেন, ‘আমরা বিএনপি চেয়ারম্যানের সিলেট আগমন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রায় দুই যুগের পর তারেক রহমান সিলেট আসছেন। সে জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সিলেটবাসী। প্রথমত চেয়ারম্যান হিসেবে প্রথম সফর আর দ্বিতীয়ত আমরা সিলেটবাসী আমাদের পরম আত্মীয়কে বরণ করার জন্য অধীর আগ্রহে আছি।’
কাইয়ুম চৌধুরী জানান, সিলেট শহরের পর সিলেট-ঢাকা মহাসড়ক পথে মৌলবীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা রয়েছে। সেসব এলাকায় একটি করে পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের।
অবশ্য সিলেট সফরের পুরো কর্মসূচি এখনো কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়নি। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, সফরসূচি চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানানো হবে যথাসময়ে।
তবে গত শনিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেব তারেক রহমান বলেছেন, ‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’
সর্বশেষ ২০০৫ সালে তারেক রহমান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দলের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে তারেক রহমান সিলেটে এসেছিলেন বলে জানান সেখানকার নেতারা।
