কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মহেশখালী ও চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে এদিন রাত সোয়া ৮টার দিকে বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাবের ভাগাড়ে আগুনের সূত্রপাত হয়। মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রটি ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাব রাখার ভাগাড়ে আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট কাজ করেছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আগুন লাগার কারণ জানতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সময় লাগবে।
