ভাঙ্গায় জমি বিরোধের জেরে সংঘর্ষ, আহত ২৫

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ি গ্রামে দীর্ঘদিন ধরে তালুকদার গ্রুপ ও খাঁন গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তালুকদার গ্রুপের নেতৃত্বে রয়েছেন মফিজ তালুকদার এবং খাঁন গ্রুপের নেতৃত্ব দেন কবির খাঁ। তালুকদার গ্রুপের রুবেল শেখের সঙ্গে একই গ্রামের মৃত ছরোয়ার খাঁর ছেলে মিন্টু খাঁ ও শহিদ খাঁর বসতভিটার জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত রোববার বিকেলে বিরোধপূর্ণ জমি নিয়ে রুবেল শেখের ভাই সুমন শেখ ও শহিদ খাঁর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সুমন শেখ তার লোকজন নিয়ে মিন্টু খাঁ ও শহিদ খাঁর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ ওঠে। পরদিন সোমবার সকালে পুনরায় সুমন শেখ ও তার সহযোগীরা শহিদ খাঁর বসতবাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায়।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র—ঢাল, সরকি, রামদা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ বিষয়ে তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালীউর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। পরে ইউপি সদস্য ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত