একটি ব্র্যান্ডের আবেদন করে ১২ থেকে ১৪ ধরনের নকল সিগারেট তৈরি করা হতো কারখানায়। বগুড়ার শিবগঞ্জে এমনই একটি অবৈধ সিগারেট কারখানার সন্ধান মিলেছে।
সেনাবাহিনী বগুড়া সদর ক্যাম্পের অভিযানে কারখানার ১০ কোটি টাকার সরঞ্জাম, ১৫ লাখ টাকার অবৈধ ব্যান্ড রোল ও ১০ লাখ টাকার তামাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৫ শ্রমিককে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে কারখানাটি সিলগালাসহ ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর সদর ক্যাম্প সদস্যরা শিবগঞ্জের খয়রাপুকুর এলাকায় ওই অবৈধ কারখানায় অভিযান চালায়। গত সোমবার রাত ২টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চলে। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ব্যান্ড রোল এবং অনুমোদনহীন সিগারেট জব্দ ও পাঁচজনকে আটক করে সেনাবাহিনী।
পরে গতকাল সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অবৈধ কারখানার সরঞ্জাম জব্দ ও প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করে।
জিয়াউর রহমান জানান, এই কারখানা কর্তৃপক্ষ একটি ব্র্যান্ডের আবেদন করে ১২ থেকে ১৪ প্রকারের নকল সিগারেট তৈরি করত। কারখানার যন্ত্রপাতির মূল্য আনুমানিক ১০ কোটি টাকা। সকল সরঞ্জাম ভেতরে রেখে কারখানা সিলগালা করা হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
