আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। জানা গেছে, ইসলামী আন্দোলনসহ দুয়েকটি দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মিটমাট হয়নি।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সংবাদ সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সংবাদ সম্মেলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি।
জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটে রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
