আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে সততা, নিরপেক্ষতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে উল্লেখ করে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, জনগণের অংশগ্রহণমূলক ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
এসময় তিনি নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সব অফিসার ইনচার্জদের নির্দেশ দেন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে মাদারীপুর জেলা পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রত্যাশার কথা উল্লেখ করে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। পুলিশ বাহিনী সে লক্ষ্যেই কাজ করবে।
বক্তব্যের শুরুতে তিনি মহান স্বাধীনতাযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় মাদারীপুর জেলার পুলিশ সুপার এহতেশামুল হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
