আবু সাঈদ হত্যা মামলা

সাক্ষ্যগ্রহণ শেষ যুক্তিতর্কের শুনানি ২০ জানুয়ারি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গতকাল বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২ এ সবশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে জেরার মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালত মামলার সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানির জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেছে। রুহুল আমিন মামলার ২৫তম সাক্ষী। গত বছরের ২৮ আগস্ট এ মামলায় প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনের সময় বেরোবির সামনে পার্ক মোড়ে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদকে গুলি করে পুলিশ। শহীদ আবু সাঈদ বিশ^বিদ্যালয়টির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এ হত্যাকা-ের পর সারা দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রতিবাদে সোচ্চার হন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের মুখে ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত