ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনাকারীদের মধ্যে কেউ কেউ জানাজার সামনের দুই-তিন কাতারেই ছিল বলে মন্তব্য করেছেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ১২টার দিকে তার ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জুমা লেখেন, ‘হুটহাট মাথায় এসে হিট করে, ভাইরে (হাদি) হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ হয়তো ভাইয়ের জানাজার সামনের দুই তিন কাতারেই ছিলো। আমরা হয়তো বুঝি নাই, চিনি নাই, কিচ্ছু করতে পারি নাই। সকল ষড়যন্ত্র উন্মোচিত করে দাও খোদা। আমরা তোমার সাহায্য ছাড়া নিরুপায়।’
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় দুই সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হত্যাকাণ্ডের পর পল্টন থানায় মামলা হয়। প্রধান আসামি ফয়সালের বাবা-মাকে গ্রেপ্তার করা হলেও ফয়সাল ও তার সহযোগীকে পুলিশ ধরতে পারেনি।
