যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে গ্রিনল্যান্ডকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও সুইডেনসহ একাধিক ইউরোপীয় দেশ দ্বীপটিতে নিরাপত্তা জোরদারে সেনা পাঠাচ্ছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফ্রান্স ও জার্মানি থেকে সামরিক সদস্যরা গ্রিনল্যান্ডের উদ্দেশে রওনা দেন।
বুধবার যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের বৈঠকে গ্রিনল্যান্ড নিয়ে বিরোধের কোনো দ্রুত সমাধান বেরিয়ে আসেনি। ইতোমধ্যে এর পরিপ্রেক্ষিতে ফ্রান্স প্রায় ১৫ জন সেনা গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পাঠিয়েছে । এছাড়াও জার্মানি ১৩ সদস্যের একটি গোয়েন্দা ও নজরদারি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে ডেনমার্ক গ্রিনল্যান্ডে আরও স্থায়ী ও শক্তিশালী সামরিক উপস্থিতি গড়ে তোলার ঘোষণা দিয়েছে, যেখানে ন্যাটোভুক্ত মিত্র দেশগুলোর সেনারা পালাক্রমে দায়িত্ব পালন করবে।
ইউরোপীয় কর্মকর্তারা বলছেন, এই সেনা মোতায়েনের লক্ষ্য যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করা নয়। তবুও গ্রিনল্যান্ডের অনেক বাসিন্দা ইউরোপীয় দেশগুলোর বাড়তি সামরিক উপস্থিতিকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন। একই সঙ্গে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছে, যাতে নিরাপত্তা উদ্বেগ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া যায় এবং ডেনমার্কের সার্বভৌমত্ব বজায় থাকে।
উভয় পক্ষই আলোচনা অব্যাহত থাকার কথা বললেও ডেনমার্কের নেতারা স্পষ্ট করেছেন, গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি।
