ইউটার্ন নিতে গিয়ে পিকআপের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম

নোয়াখালীর মাইজদী বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছে। সড়কে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের অভি দেবনাথ এবং একই এলাকার হৃদয় চন্দ্র শীল। তারা বন্ধু ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে দুই বন্ধু মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর সদর বিনোদপুর এলাকায় আসার পথে নোয়াখালী সদর ভূমি অফিসের কেরানিবাড়ি মসজিদের সামনে মুরগিবাহী পিকআপ ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অভি দেবনাথ মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হৃদয় চন্দ্র শীলকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পিকআপ ভ্যানচালক পলাতক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত