ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখে ২০২৫ সালে রেকর্ড রাজস্ব আয় করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত বছর বন্দরের মোট রাজস্ব আয় হয়েছে ৫ হাজার ৪৬০ কোটি ১৮ লাখ টাকা, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।
শুক্রবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ পঞ্জিকাবর্ষে বন্দরের রাজস্ব আয়ে গড়ে ১৩ দশমিক ০৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৫ সালে বন্দরের রাজস্ব ব্যয় ছিল ২ হাজার ৩১৭ কোটি ৫০ লাখ টাকা। ফলে ওই বছরে রাজস্ব উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩ হাজার ১৪২ কোটি ৬৮ লাখ টাকা, যা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। আগের বছর ২০২৪ সালে এই উদ্বৃত্ত ছিল ২ হাজার ৯২৩ কোটি ১৭ লাখ টাকা।
বন্দর কর্তৃপক্ষের দাবি, সেবার মান অক্ষুণ্ন রেখে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের ফলে রাজস্ব উদ্বৃত্ত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত দুই বছরে রাজস্ব ব্যয়ের প্রবৃদ্ধি এক অঙ্কে সীমিত রাখা সম্ভব হয়েছে।
গত পাঁচ বছরে কর, ভ্যাট ও কর-বহির্ভূত রাজস্ব (এনটিআর) হিসেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সরকারি কোষাগারে মোট ৭ হাজার ৫৮০ কোটি ২০ লাখ টাকা জমা দিয়েছে। শুধু ২০২৫ সালেই জমা দেওয়া হয়েছে ১ হাজার ৮০৪ কোটি ৪৭ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪১ শতাংশ বেশি।
