শ্রমিককে বিএনপি নেতার গাড়িচাপায় হত্যার কঠোর বিচার দাবি শিবিরের

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:২০ এএম

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম কর্তৃক তেলের টাকা পরিশোধ না করে পাম্প শ্রমিক রিপনকে গাড়ি চাপা দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশ থেকে স্বৈরাচারের পতন ঘটলেও একশ্রেণির রাজনৈতিক নেতার ভেতরে গেঁথে থাকা দমন-পীড়নমূলক ও খুনে মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। 

রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে একজন শ্রমিককে নির্মমভাবে হত্যা করা প্রমাণ করে তারা সাধারণ মানুষকে মানুষ হিসেবেই গণ্য করে না। আমরা এই পৈশাচিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিহত শ্রমিক রিপনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

নেতৃবৃন্দ বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, রাজবাড়ীর একটি পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল নিয়ে টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন অভিযুক্ত আবুল হাসেম। 

পাম্পের কর্তব্যরত শ্রমিক রিপন ন্যায্য পাওনার দাবিতে গাড়ির পেছনে দৌড়ালে তাকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। ন্যায্য টাকা চাইতে গিয়ে একজন শ্রমিককে এভাবে প্রাণ দিতে হবে-এটি যেকোনো সভ্য রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত