বিশ্বকাপে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের সম্ভাবনা জোরাল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম

চিঠি চালাচালি, ভার্চুয়াল বৈঠক এর পর হাইব্রিড অর্থাৎ বাস্তব এবং ভার্চুয়াল দুই ধরণের উপস্থিতি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলদেশের ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোর পর থেকে ভেন্যু পরিবর্তন নিয়ে যে সব প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে তারই একরকম ধারাবাহিকতা হচ্ছে এই স্তরগুলো। প্রথমে আইসিসিকে বিসিবি'র ই-মেইল, ই-মেইলের জবাবের অপেক্ষা, ভার্চুয়াল বৈঠকের পর শনিবার আইসিসির নৈতিকতা বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভের স্বশরীরে আর ইভেন্টস ও করপোরেট কমিউনিকেশন বিভাগের মহাব্যবস্থাপক গৌরব সাক্সেনার ভার্চুয়াল উপস্থিতিতে বৈঠক করেছেন বিসিবি'র সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সুজন।

বৈঠকে বাংলাদেশ খেলোয়াড় এবং দর্শক,সমর্থক, সাংবাদিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে স্থানান্তরের দাবী আরো একবার জানিয়েছে। অগ্রগতি বলতে বাংলাদেশের গ্রুপ বদলের মাধ্যমে সবচেয়ে কম ঝামেলা পোহানোর ভেতর দিয়ে বাংলাদেশের দাবী পূরণের সম্ভাবনা আলোচনায় স্থান পেয়েছে।ভারতে বাংলদেশ দূতাবাস এবং উপ দূতাবাস গুলোতে ভিসা প্রদান কার্যক্রম বন্ধ থাকায় গৌরব সাক্সেনা সময়মত ভিসা না পাওয়াতে বাংলাদেশে স্বশরীরে আসতে পারেননি। তবে আইসিসির নৈতিকতা বিভাগের প্রধান ও সাবেক ব্রিটিশ পুলিশ অ্যান্ড্রু এফগ্রেভ এসেছেন দুবাই থেকে, তার জন্য ভিসা জটিলতা সৃষ্টি হয়নি।

এখনকার সূচি অনুযায়ী, বাংলাদেশ আছে 'সি' গ্রুপে। যেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। ম্যাচগুলো ৭,৯ ও ১৪ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে আর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে নেপালের বিপক্ষে। 'বি' গ্রুপে আছে আয়ারল্যান্ড, ইতালি, স্বাগতিক শ্রীলঙ্কা এবং ওমান। আয়ারল্যান্ড তাদের গ্রুপ পর্বের ৩টি  ম্যাচ ৮,১১ ও ১৪ ফেব্রুয়ারি খেলবে কলম্বোতে,  ১৭ ফেব্রুয়ারি একটি খেলবে ক্যান্ডিতে।বাংলাদেশ এবং আয়ারল্যান্ড এর গ্রুপ অদল-বদল করলে এই সম্ভাব্য 'লজিস্টিক্যাল নাইটমেয়ার' এড়ানো সম্ভব, এমনটাই মত দিচ্ছেন ক্রিকেট প্রশাসনে থাকা বিশেষজ্ঞরা। বিসিবি'র প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বিসিবি এবং আইসিসি'র কর্তাব্যক্তিদের আলাপে উঠে এসেছে সেই সম্ভাবনাও। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, 'আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর প্রতিনিধিদের সাথে একটি সভা করেছে।

আলোচনাকালে বিসিবি আইসিসি-র কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য তাদের আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। বোর্ড একই সঙ্গে দলের খেলোয়াড়, বাংলাদেশি ভক্ত, গণমাধ্যম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগের কথা তুলে ধরেছে।

আলোচনাটি গঠনমূলক, হৃদ্যতাপূর্ণ এবং পেশাদার পরিবেশে সম্পন্ন হয়েছে, যেখানে সব পক্ষই সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেছে। অন্যান্য পয়েন্টের মধ্যে, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।' বিবিসি'র আয়ারল্যান্ড প্রতিনিধি নাথান জোনস অবশ্য টুইট করেছেন, ক্রিকেট আয়ারল্যান্ডকে আইসিসি থেকে আশ্বস্ত করা হয়েছে যে তাদেরকে জোর করে বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদল বদল করা হবে না। আয়ারল্যান্ড এর ম্যাচগুলো পরিকল্পনামাফিক শ্রীলঙ্কাতেই হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত