আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মরক্কো-সেনেগাল

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ এএম

আজ আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নামছে দুই শক্তিধর দল স্বাগতিক মরক্কো ও বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল। রাবাতের প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠেয় আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। একদিকে ৫০ বছরের শিরোপা-খরা ঘোচানোর হাতছানি মরক্কোর, অন্যদিকে দ্বিতীয়বার মহা দেশসেরা হওয়ার স্বপ্ন সেনেগালের।

বিশ্বকাপ ২০২২-এ ইতিহাস গড়া মরক্কো এই টুর্নামেন্টে নেমেছে ফেভারিট হিসেবে। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপ সেমিফাইনাল খেলার পর থেকেই ‘আটলাস লায়নস’-দের প্রতি প্রত্যাশা আকাশচুম্বী। আফ্রিকার বর্ষসেরা ফুটবলার ও পিএসজির তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমির নেতৃত্বে দলটি পুরো আসরে খেলেছে একই ভেন্যুতে। গ্রুপ পর্বে কিছুটা সমালোচনার মুখে পড়লেও ক্যামেরুনকে কোয়ার্টার ফাইনালে হারানো এবং নাইজেরিয়ার বিপক্ষে স্নায়ুচাপের সেমিফাইনাল জিতে সমর্থকদের পুরোপুরি পাশে পেয়েছে মরক্কো।

কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের জন্য এই ফাইনাল ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। ২০০৪ সালে খেলোয়াড় হিসেবে ফাইনাল হেরে যাওয়া রেগরাগুই এবার কোচ হিসেবে সেই আক্ষেপ ঘোচাতে চান। তবে প্রত্যাশার চাপ সামলানোই হবে স্বাগতিকদের সবচেয়ে বড় পরীক্ষা। অন্যদিকে, সেনেগাল এসেছে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস নিয়ে। গত চার আসরের মধ্যে তৃতীয়বার ফাইনাল খেলতে নামছে ‘তেরাঙ্গা লায়নস’। ২০২১ সালে প্রথমবার শিরোপা জয়ের পর ২০২৪ সালে ছিটকে গেলেও এবার আবারও শক্ত অবস্থান নিয়েছে তারা। সেমিফাইনালে মিসরের বিপক্ষে সাদিও মানের গোলেই এসেছে জয়।

এটি হতে যাচ্ছে মানের শেষ আফ্রিকা কাপ ম্যাচ এমন ইঙ্গিত আগেই দিয়েছেন সেনেগালের এই তারকা। শিরোপা জিতে বিদায় নিতে চান তিনি। তবে ফাইনালের আগে বড় ধাক্কা সেনেগালের জন্য সাসপেনশনের কারণে খেলতে পারবেন না অধিনায়ক কালিদু কুলিবালি। মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য হাবিব দিয়ারাও নেই। তবু মানে, গোলরক্ষক এদুয়ার মেন্ডি ও ইদ্রিসা গে-এর অভিজ্ঞতা ভরসা জোগাচ্ছে।

দু-দলেরই রক্ষণ টুর্নামেন্ট জুড়ে ছিল দুর্ভেদ্য। মরক্কো হজম করেছে মাত্র এক গোল, সেনেগাল দুটি। ফলে গোলবন্যার ম্যাচ না হলেও কৌশল, ধৈর্য ও মানসিক দৃঢ়তার লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। সব মিলিয়ে এটি শুধু একটি ফাইনাল নয় এটি দুই ‘লায়ন’-এর মর্যাদার দ্বন্দ্ব। চাপ সামলে ইতিহাস লিখবে মরক্কো, নাকি মানের বিদায়ী গল্পে যুক্ত হবে আরেকটি শিরোপা উত্তর মিলবে আজ রাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত