নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি জোট সমর্থিত জমিয়তে উলামা ইসলাম মনোনীত প্রার্থী জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, ভবিষ্যতে যিনি দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি তারেক রহমান সাহেব। উনি নির্বাসিত জীবন যাপনের সাথে সাথে তার আমূল পরিবর্তন হয়েছে। তিনি যেকোনো দাড়িওয়ালা-জুব্বাওয়ালা আলেমের চাইতে কোনো দিক থেকে কম নয়। তিনি খুবই বেশি আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বুঝা যায়। তিনি বলেন, প্রার্থী হিসাবে ইলেকশন, ভোট এগুলো নিয়ে ২১ তারিখের পরে কথা বলবো আপনাদের সাথে। ২১ তারিখের আগে ভোট চাওয়া যাবে না। এদিক-সেদিক কথা বললেই শোকজ দেওয়া হবে। এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করা হবে। সুতরাং আমি একজন সুনাগরিক হিসাবে যে আইন ও বিধানগুলো আছে সেগুলো মেনে চলব, এটাই স্বাভাবিক। আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি। দরবার শরিফের উসিলায়।
রবিবার (১৮ জানুয়ারি) বিকালে ফতুল্লার বিলাসনগর এলাকার দারুসসুন্নাত ছালেহিয়া মোহেব্বীয়া দীনিয়া মাদরাসায় এক মতবিনিময়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তায়ালা শুধু এক মনিরকে নয়, নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনসহ দেশের অন্তত পক্ষে অর্ধেকের বেশি সিটে যেন সকলে মিলে আলেম-ওলামা ও ভালো মানুষকে বসাতে পারি। এই দেশ যেন পরিচালিত হয় কোরআন পড়ুয়া, দ্বীনদারের মাধ্যমে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ’র নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. হোসাইন বোখারী।
