যুক্তরাষ্ট্রের ডাল শস্যের ওপর ভারতের আরোপিত ৩০ শতাংশ আমদানি শুল্ক নিয়ে বিপাকে পড়েছেন মার্কিন চাষিরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেই শুল্কের হার কমানোর অনুরোধের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন দুই রিপাবলিকান সিনেটর। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ডালের ওপর ভারতের আরোপিত ৩০ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন মন্টানা এবং উত্তর ডাকোটার রিপাবলিকান সিনেটর কেভিন ক্র্যামার এবং স্টিভ ডেইনস। ট্রাম্পকে পাঠানো চিঠিতে তাদের বক্তব্য, এতে আমেরিকার চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিরাট লোকসান হচ্ছে তাদের। বিষয়টি মোদিকে বোঝাতে বলেছেন তারা।
ভারত ডাল শস্যে এখনো আত্মনির্ভর নয়। মূলত যুক্তরাষ্ট্র থেকেই মশুর ডাল, ছোলা এবং শুকনো মটরজাতীয় ডাল শস্য আমদানি করে নয়াদিল্লি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডাল শস্যে ৩০ শতাংশ শুল্কও চাপিয়েছে ভারত। তা কার্যকর হয়েছে গত বছর ১ নভেম্বর থেকে।
