‘পোস্টাল ভোট’ রাষ্ট্রদূতের সাথে পূর্বাঞ্চলীয় বিএনপির বৈঠক

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী একটি দলের নেতৃবৃন্দের উদ্যোগে সাধারণ প্রবাসীদের প্ররোচনা ও প্রতারণার মাধ্যমে পোস্টাল ভোট ব্যবস্থাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে তুলে ধরা হয়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসাইনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সৌদি আরবের পূর্বাঞ্চল বিএনপি।

রিয়াদে বাংলাদেশের দূতাবাসের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সংক্রান্ত উদ্বেগ, বিশেষ করে পোস্টাল ব্যালট ব্যবস্থায় সম্ভাব্য কারচুপির অভিযোগ নিয়ে গুরুত্বসহকারে মতবিনিময় করা হয়। এই সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসাইন উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, পোস্টাল ব্যালট ব্যবস্থায় অনিয়ম এবং অস্পষ্টতার কারণে প্রবাসী ভোটারদের প্রকৃত মতামত সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। তারা এই প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করার জোর দাবি জানান।

প্রবাসী বাংলাদেশিদের নাগরিক অধিকার, ভোট প্রয়োগের সুযোগ, দূতাবাসের দায়িত্ব ও অন্যান্য সমসাময়িক বিষয়ক দিকসমূহও সভায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. গোলাম হাসনাইন সোহান, সহ-সভাপতি মোতাহার হোসেন লিটন, সহ-সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আলম ফরাজী, আরমান চৌধুরী, ফখরুল ইসলাম বিলাশ, মনির ফকির, প্রবাসী বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি ফিরোজ আহমেদ নয়ন এবং পূর্বাঞ্চল বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতৃবৃন্দের মতে, প্রবাসীদের ভোটাধিকার একটি মৌলিক সাংবিধানিক অধিকার। এই অধিকার হরণ হলে তা গণতন্ত্রের ক্ষতি ঘটাবে। তাই পোস্টাল ব্যালট ব্যবস্থায় সম্ভাব্য অনিয়ম সুষ্ঠুভাবে তদন্ত করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

রাষ্ট্রদূত সভায় উপস্থিত নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুত্বসহকারে উপস্থাপন এবং প্রমাণ সাপেক্ষে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে প্রবাসীদের রাষ্ট্র গঠনে অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের সংস্কারমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে পারে। এ ধরনের গঠনমূলক মতবিনিময় প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত