জুলাই চেতনা বিক্রি করে অনধিকার চর্চা করিনি: ছাত্রদল নেতা আবিদ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খান বলেছেন, ‘দায়িত্ব নিয়ে বলছি, এখনো পর্যন্ত জুলাই চেতনাকে বিক্রি করে এ রাষ্ট্রে এক পয়সারও অনধিকার চর্চা করিনি। বিশ্বাস রাখুন, ভবিষ্যতেও করবো না। দুঃখজনক হলেও তিক্ত সত্য যে, জুলাই ফ্রন্টলাইনার মেক্সিমাম তরুণ সহযোদ্ধাসহ তাদের লোকজনেরা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের সকল স্তরে সব ধরনের দখলদারিত্ব চালিয়েছেন। ফলশ্রুতিতে তাদের নৈতিকতার যে অনিবার্য পরাজয় সেটা ঘটে গেছে।’

সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি আরও লেখেন, ‘যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের সময় এসেছে, এখন নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় জনতার মুখোমুখি না হয়ে কেউ কেউ আবার নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনতার আকাঙ্খাকে উপেক্ষা করে ক্ষমতার লোভ হাসিনাকে কোথায় নামিয়েছে, নিশ্চয়ই ভুলে যাননি। শুধু এতটুকুই মনে রাখবেন, এক বিন্দুও ফায়দা এবার লুটতে পারবেন না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের স্বচ্ছতা ও নৈতিকতাকে প্রশ্ন করুন। নিজেকেই নিজের কাছে কেমন অনুভব হয় একটু দেখুন! জুলাইয়ের হাজারো ছাত্রজনতার পবিত্র শহীদি রক্তের বিপরীতে যে স্বার্থের লড়াইয়ে নেমেছেন সেটা রক্তস্নাত বাংলাদেশের স্বার্থ নয়।’

আবিদুল ইসলাম উল্লেখ করেন ‘সুতরাং বাস্তবতাকে মেনে নিয়ে সময় নিন, ভুলগুলো শুধরে তওবা পড়ে নিজেদের পুনরায় তৈরি করার চেষ্টা করুন।  তরুণদের প্রতি জাতির সহমর্মিতা ও স্নেহকে বিরক্তিকর করে তুলবেন না, প্লিজ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত