মাদারীপুর সড়ক দুর্ঘটনা

নিহত ৫ জন কোটালীপাড়ার, গ্রামে শোকের মাতম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়ার পাঁচজন নিহত হওয়ার ঘটনায় পাইকেরবাড়ী গ্রামে চলছে শোকের মাতম।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নিহতদের বাড়িতে গিয়ে দেখা গেছে, একদিনে পাঁচজনে মৃত্যুতে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে। নিহতদের স্বজনদের বুকফাটা আহাজারি চলছে। স্বামী, সন্তান ও পরিবারের সদস্যরা প্রিয়জন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কার। কান্না আর হাহাকারে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। গ্রামবাসীরা একে একে নিহতদের বাড়িতে ছুটে এসে সমবেদনা জানালেও শোক সামলাতে পারছেন না কেউই। একই গ্রামের পাঁচটি পরিবারের চুলায় যেন একসঙ্গে নিভে গেছে সুখের আলো।

স্থানীয় বাসিন্দা কাজল বাড়ৈ বলেন, আমাদের এলাকার অনেক মানুষ জীবিকার তাগিদে মাদারীপুরের বিভিন্ন স্থানে দিনমজুরের কাজ করতে যান। দুলালী, অমিতা, আভা, শেফালী ও কামনা কাজে গিয়ে আর জীবিত ফিরে আসেননি। ফিরেছেন মরদেহ হয়ে। আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করছি।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, একই গ্রামে একসঙ্গে পাঁচ জনের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। মরদেহ রাতেই গ্রামে আনা হয়েছে। বর্তমানে তাদের শেষকৃত্যের কার্যক্রম চলছে।

গতকাল রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরের ঘটকচর এলাকায় সার্বিক পরিবহনের একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হন। এর মধ্যে পাঁচজনই কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন দুলালী বাড়ৈ (৪২), অমিতা বাড়ৈ (৫৩), আভা বাড়ৈ (৬৫), শেফালী বাড়ৈ (৪৫) ও  কামনা বাড়ৈ (৫০)। কাজ শেষে ইজিবাইকে করে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত