শাহজাহান চৌধুরী

জুলাই আন্দোলনে অর্জিত স্বাধীনতা নষ্ট হতে দেওয়া যাবে না

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। হাজারও শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ পরিবর্তন রক্ষা করা এখন আমাদের নৈতিক ও জাতীয় দায়িত্ব।

তিনি বলেন, এই আন্দোলন ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন। কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও স্বৈরশাসনের বিরুদ্ধে বুক পেতে দিয়েছেন। এত রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

সোমবার দুপুরে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ ও প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে হচ্ছে স্বৈরতন্ত্র, দমন-পীড়ন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের স্পষ্ট রায়। এই ভোটের মাধ্যমে বাংলাদেশকে স্থায়ীভাবে স্বৈরশাসনমুক্ত রাখা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সম্ভব।

তিনি দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জনগণের ঐক্যই পারে দেশকে আবারও অন্ধকারে পতিত হওয়া থেকে রক্ষা করতে।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আ ন ম নোমান, পদুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু হামিদুল হক, সাতকানিয়া জামায়াতের যুব বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, ব্যবসায়ী ও সমাজসেবক আবু জাকারিয়া, জাহেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত