নিরপেক্ষ নির্বাচন ব্যর্থ হলে বিপদ আছে: উপদেষ্টা ফাওজুল কবির

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নির্বাচনের ফলাফল যদি মানুষের কাছে গ্রহণযোগ্য না হয় এবং আমরা যদি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হই, তাহলে তা আমাদের সবার জন্য বিপদ আছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে অনিয়মের কারণে বহু কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। যারা তখন নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, তাদের প্রত্যেককেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একইভাবে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদেরও চাকরিচ্যুত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এখন কেউ যদি মনে করেন সামান্য অনিয়ম করেও পার পাওয়া যাবে— তা হবে না। আমাদের সবার জন্য একমাত্র রক্ষা কবজ হলো নিরপেক্ষতা।’

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে বিকেলে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণভোটের প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত