চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পদুয়া ইউনিয়নে আসন্ন বিদ্যাদেবী সরস্বতী পূজা উপলক্ষে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। আগামী ২৩ জানুয়ারী শুক্রবার সনাতন ধর্মালম্বীদের দেবী সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমার কারিগর ও সহকারীরা দিন- রাত পরিশ্রম করছেন। প্রতিমার শেষ তুলি দিতে গিয়ে নিদ্রাহীনভাবে এ কর্মযজ্ঞ চলছে, যাতে সঠিক সময়ে পূজা মন্ডপে প্রতিমা সরবরাহ করতে পারেন।
লোহাগাড়া উপজেলার পদুয়া গুপ্ত বাড়ী, হিন্দু বড়পাড়া, আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে মাসব্যাপী পরিশ্রম করে মৃৎশিল্পীরা এসব প্রতিমা তৈরি করছেন। পদুয়া গুপ্ত বাড়ী পূজা মন্ডপের মৃৎশিল্পী শ্যামল দাশ জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমরা প্রায় বিভিন্ন আকারের শতাধিক সরস্বতী প্রতিমা তৈরি করেছি। অন্যান্য বছরের চাইতেও এবারে প্রতিমা তৈরিতে নতুনত্ব আনা হয়েছে। ইতোমধ্যে আমাদের সব প্রতিমা বিক্রি হয়ে গেছে। আমরা লোহাগাড়া ছাড়াও পাশ্ববর্তী সাতকানিয়া ও চকরিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা সরবরাহ করি।
বৃহস্পতিবার সকাল থেকেই তাদের তৈরি এসব প্রতিমাগুলো বিভিন্ন পূজা মন্ডপে চলে যাবে। এদিকে লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রিটন দাশ বলেন, লোহাগাড়ায় শতাধিক পূজা মন্ডপে শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যাদেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন শিক্ষামূলক আয়োজনের মধ্য দিয়ে দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। স্থানীয় সনাতন ধর্মালম্বীরা বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী সরস্বতীকে বরণে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন মন্দির, বাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠান। যথাযথ ধর্মীয় রীতি ও আচার মেনে পূজা উদযাপনের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন সনাতনী শিক্ষার্থী ও ভক্তকুল।
