মুন্সীগঞ্জে সপুসহ চার প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মীর সরফত আলী সপুসহ মোট চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী জানান, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদীখান) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন দুইজন প্রার্থী। তারা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আমিনুল ইসলাম। ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তারা উভয়েই নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এছাড়া মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাজী আব্বাস কাজী দলীয় সিদ্ধান্তের কারণে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

প্রসঙ্গত, এ নির্বাচনে মুন্সীগঞ্জ জেলার ৩টি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। চারজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর ভোটের লড়াইয়ে মাঠে রইলেন মোট ১৯ জন প্রার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত