কুমিল্লার বরুড়া উপজেলায় একটি নির্মাণাধীন সড়কের মাঝখানে কাটা গাছের দুটি গোড়া রেখেই পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। এতে যানবাহন চলাচলে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে লক্ষীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর বাজার থেকে রেল চিতোষী পর্যন্ত সড়কের নলুয়া চাঁদপুর (পূর্বপাড়া) এলাকায় গিয়ে এ চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, সড়কের মাঝখানে প্রায় আধা ফুট উঁচু দুটি গাছের গোড়া অপসারণ না করেই পিচ ঢালাইয়ের কাজ করা হয়েছে। সড়ক নির্মাণের প্রাথমিক নিয়ম উপেক্ষা করে এভাবে কাজ করায় ভবিষ্যতে ওই অংশটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, একটি গাছের গোড়ার খুব কাছেই আরেকটি গাছের গোড়া রয়েছে। এই দুই গোড়ার মাঝ দিয়েই পিচ ঢালাই করা হয়েছে, যা সড়কের নির্মাণমান ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
এছাড়া তারা আরও অভিযোগ করেন, পুরো সড়কটি উঁচুনিচু অবস্থায় রয়েছে। রাস্তা যথাযথভাবে সমান না করেই পিচ ঢালাইয়ের কাজ করায় সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
একই এলাকার খালের পাড়ে একটি রিটেইনিং ওয়াল নির্মাণের কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। শুরুতে খালে পানি থাকার অজুহাত দেখানো হলেও গত চার থেকে পাঁচ মাস ধরে সেখানে পানি নেই বলে জানান স্থানীয়রা।
জানা গেছে, সড়ক উন্নয়নকাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তাফা জামান ট্রেডার্স। প্রকল্পটির বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন মো. খোকন।
এ বিষয়ে মো. খোকন বলেন, ‘গাছের গোড়া অপসারণ করতে গেলে পাশের দেয়াল ভেঙে যাওয়ার আশঙ্কা থাকায় তা সরানো হয়নি।’
তবে স্থানীয়দের দাবি, পিচ ঢালাইয়ের আগে করাতজাতীয় যন্ত্র ব্যবহার করে গাছের গোড়াগুলো রাস্তার সমান করা যেত। ঠিকাদারের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই তা করা হয়নি বলে তারা অভিযোগ করেন। তাদের আশঙ্কা, ভবিষ্যতে ওই অংশটি বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
এ বিষয়ে বরুড়া উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন বলেন, ‘বিষয়টি আমি আগে জানতাম না। রাস্তার অংশে গাছের গোড়া রেখে কাজ করার কথা নয়। আপনার মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম। আমি বিষয়টি দেখছি।’
