বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে সভায় বসল আইসিসি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিস্কার বলে দিয়েছে, ভারতের মাটিতে গিয়ে টাইগাররা বিশ্বকাপ খেলবে না। বিসিবির পক্ষ থেকে বিকল্প ভেন্যু চাওয়া হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকেলে ভার্চুয়াল সভায় বসেছে আইসিসি। 

বৈঠকে আইসিসির সব পূর্ণ সদস্য দেশের পরিচালকরা অংশ নিচ্ছেন। জানা গেছে, আইসিসি চেয়ারম্যান জে শাহর পাশাপাশি বৈঠকে উপস্থিত আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুখুহলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনাইস, ক্রিকেট নিউজিল্যান্ডের প্রতিনিধি রজার টুজ, ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি মোহাম্মদ মুসাজি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ।

এ ছাড়া আইসিসি ব্যবস্থাপনার শীর্ষ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত আছেন। তাঁদের মধ্যে রয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইভেন্টস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং দুই সহযোগী সদস্য পরিচালক মুবাশশির উসমানি ও মহিন্দা ভাল্লিপুরাম।

আইসিসির দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভও বৈঠকে অংশ নিচ্ছেন। গত সপ্তাহে তিনি ঢাকায় এসে বিসিবির সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন। ভারত সফর নিয়ে বিসিবি যে নিরাপত্তা উদ্বেগ বারবার প্রকাশ করেছে, তা প্রশমিত করতেই তাঁর এই সফর ছিল।

এর আগেই বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসি বরাবর চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এর আগে যে খবর বেরিয়েছিল বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও খেলবে না- এটা সর্বৈব মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

বাংলাদেশের বিষয়টি নিয়ে আইসিসির কারও এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তাই আইসিসি বোর্ড সভা ডেকেছে। সেখানে পিসিবি ছাড়া অন্যান্য বোর্ডেরও সুযোগ থাকবে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানানোর। যদিও এখন পর্যন্ত পিসিবি ছাড়া অন্য কোনো ক্রিকেট বোর্ড এ বিষয়ে মুখ খোলেনি।

সম্প্রতি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে। তবে আরেক প্রভাবশালী গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসি এ রকম কোনো আলোচনা করেনি। সুতরাং কী হতে যাচ্ছে, তা সভা শেষ হওয়ার আগে বলা সম্ভব নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত