মিরসরাইয়ে কারখানায় বিস্ফোরণ, আহত ৭ শ্রমিক

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণের ঘটনায় সাতজন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানার স্টিল-২ সেকশনে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন— আব্দুল হামিদ (২৮), ইসমাইল (৪০), ফয়সাল (২৯), সাকিব (১৯), শহিদুল (২৬), সাইফ (১৯) ও আরমান (২৯)। তাদের মধ্যে গুরুতর আহত আব্দুল হামিদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্টিল মিল-২ সেকশনে ময়লার স্লাগ হঠাৎ বিস্ফোরিত হলে সেখানে কর্মরত সাত শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে চমেকে পাঠানো হয়।

খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল ঘটনাস্থলে রওনা হলেও, তাদের পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ও উদ্ধার টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘বিএসআরএম কোম্পানির স্টিল-২ সেকশনের স্লাগ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব টিম আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

এদিকে সোনাপাহাড় বিএসআরএম কারখানার প্রশাসনিক ম্যানেজার দেলোয়ার হোসেন মোল্লা বলেন, ‘কারখানার দুই নম্বর গেটের কাছে একটি ময়লার স্লাগে সামান্য আগুন লেগেছিল। বড় ধরনের কোনো বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটেনি। ফায়ার সার্ভিস আসার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। কয়েকজন শ্রমিক সামান্য আহত হন এবং তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।’

মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জুবায়ের হোসেন তারেক জানান, বিএসআরএম কারখানা থেকে সাতজন শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের চোখে-মুখে ময়লা ঢুকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ রয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত