২০২৬ সালেও দুর্দান্ত অভিষেক অভিষেক শর্মার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১২:১৬ এএম

অভিষেক শর্মার তাণ্ডবী ব্যাটিংয়ে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। মাত্র ৩৫ বলে ৮৪ রানের ঝলমলে ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার, যার ওপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশাল সংগ্রহ গড়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

২০২৬ সাল শুরুতেই দুর্দান্ত ফর্মের জানান দেন অভিষেক শর্মা। আগের বছরের টি–টোয়েন্টি পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই আটটি ছক্কায় সাজানো ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে ভারত তোলে ২০ ওভারে ৭ উইকেটে ২৩৮ রান—নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ম্যাচের শুরুতে অবশ্য ধাক্কা খায় ভারত। কাইল জেমিসন ও জ্যাকব ডাফির বলে দ্রুত ফিরে যান সঞ্জু স্যামসন ও ইশান কিষান। তবে শুরুতেই উইকেট হারালেও দমে যাননি অভিষেক। পাওয়ারপ্লেতেই চারটি ছক্কা হাঁকিয়ে মাত্র ছয় ওভারে ভারতের স্কোর নিয়ে যান ৬৮/২-এ।

অন্য প্রান্তে সূর্যকুমার যাদবও সাবলীল শুরু করেন। দু’জনের জুটিতে তৃতীয় উইকেটে আসে ৯৯ রান। মাত্র ২০ বলে ফিফটি পূর্ণ করেন অভিষেক। মিডল ওভারে সূর্যকুমারের বিদায়ের পরের ওভারেই ইশ সোধির বলে আরও দুটি ছক্কা হাঁকিয়ে আউট হন অভিষেক।

শেষ দিকে শিভাম দুবে দ্রুত ফিরলেও হার্দিক পান্ডিয়া ১৬ বলে ২৫ রান যোগ করেন। ডেথ ওভারে রিঙ্কু সিং দায়িত্ব নেন। ড্যারিল মিচেলের এক ওভারে দুটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে ৪৪ রানে অপরাজিত থাকেন রিঙ্কু।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র দ্রুত ফিরে যান। এরপর গ্লেন ফিলিপস একপ্রান্ত আগলে রেখে লড়াই চালান। পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়েও ৫০ রান তোলে কিউইরা।

পাওয়ারপ্লে শেষ হতেই বরুণ চক্রবর্তী আক্রমণে এসে টিম রবিনসনকে ফেরান। ফিলিপস ও মার্ক চ্যাপম্যান কিছুটা প্রতিরোধ গড়লেও বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে চাপেই ছিল নিউজিল্যান্ড। ৪০ বলে ৭৮ রান করে ফিলিপস আউট হলে কার্যত ম্যাচ শেষ হয়ে যায়। শেষদিকে কয়েকটি বাউন্ডারি ব্যবধান কমালেও জয় হাতছাড়া হয় সফরকারীদের।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ২৩৮/৭ (২০ ওভার): অভিষেক শর্মা ৮৪, রিঙ্কু সিং ৪৪*; জ্যাকব ডাফি ২/২৭
নিউজিল্যান্ড ১৯০/৭ (২০ ওভার): গ্লেন ফিলিপস ৭৮, মার্ক চ্যাপম্যান ৩৯; শিভাম দুবে ২/২৮

ফল: ভারত ৪৮ রানে জয়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত