টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চরমে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে ‘অলৌকিক কিছু’ হওয়ার আশাই করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। আইসিসি বোর্ডের সর্বশেষ বৈঠকের পর তিনি আবারও বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলার জন্য সময় চেয়েছেন।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বুধবার আইসিসি বোর্ডের বৈঠকে বিসিবিকে জানানো হয়—বাংলাদেশ যদি ভারতে গিয়ে ম্যাচ খেলতে রাজি না হয়, তবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে তাদের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে। বৈঠকের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, তিনি আইসিসির কাছে আরও একবার সরকারের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছেন।
আমিনুল বলেন, “আমি আইসিসি বোর্ডের কাছে সরকারের সঙ্গে শেষবারের মতো কথা বলার জন্য সময় চেয়েছি। তারা এটিকে যৌক্তিক বলে মেনে নিয়ে আমাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে। আমি সরকারের ওপর কোনো চাপ দিতে চাই না। আমাদের অবস্থান পরিষ্কার—ভারত আমাদের জন্য নিরাপদ নয়, তাই আমরা শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিলাম। আইসিসি সেই প্রস্তাব নাকচ করেছে, তবু আমরা আবার সরকারের সঙ্গে কথা বলব এবং তাদের মতামত আইসিসিকে জানাব।”
একদিন বা দুই দিনের মধ্যে পরিস্থিতি বদলানো সম্ভব কি না—এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, “আমি আইসিসির কাছ থেকে অলৌকিক কিছুর আশাই করছি। কে না চায় বিশ্বকাপ খেলতে? বাংলাদেশের খেলোয়াড়েরা বিশ্বকাপ খেলতে চায়, সরকারও চায় বাংলাদেশ বিশ্বকাপে খেলুক। কিন্তু সরকারের সিদ্ধান্তে শুধু খেলোয়াড় নয়, সামগ্রিক বিষয় বিবেচনা করতে হয়।”
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ওই আইসিসি বোর্ড বৈঠকে বিসিবির পক্ষ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম। ভিডিও কনফারেন্সে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। তবে আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সঙ্গে গ্রুপ অদলবদল করে বাংলাদেশের ম্যাচ অন্যত্র সরানোর বিসিবির প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। জানা গেছে, শ্রীলঙ্কা “গ্রুপে নতুন দল” নিতে আগ্রহ দেখায়নি।
বর্তমানে বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে ইংল্যান্ড, ইতালি, ওয়েস্ট ইন্ডিজ ও নেপালের সঙ্গে। সূচি অনুযায়ী, কলকাতায় প্রথম তিনটি ম্যাচ এবং মুম্বাইয়ে শেষ ম্যাচ খেলার কথা বাংলাদেশের। টুর্নামেন্টের উদ্বোধনী দিন ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা টাইগারদের।
নিরাপত্তা ইস্যুটি সামনে আসে চলতি মাসের শুরুতে। ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। সরাসরি কোনো কারণ জানানো না হলেও, ভারত–বাংলাদেশ সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে বিষয়টি আলোচনায় আসে। এর পরদিনই সরকার সঙ্গে পরামর্শ করে বিসিবি আইসিসিকে জানায়—নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না। এরপরও একাধিক আলোচনায় বিসিবি একই অবস্থানে অনড় রয়েছে।
তবে আইসিসি মোস্তাফিজুর ইস্যুটিকে নিরাপত্তা উদ্বেগ হিসেবে মানতে রাজি হয়নি। তাদের বক্তব্য, একটি ঘরোয়া লিগে এক খেলোয়াড়ের অংশগ্রহণ–সংক্রান্ত আলাদা ঘটনার সঙ্গে বিশ্বকাপের নিরাপত্তা কাঠামো বা অংশগ্রহণের শর্ত জড়িত নয়।
এবার পারলেন না ওকস, সিলেটকে ১২ রানে হারিয়ে ফাইনালে রাজশাহী