ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ এএম

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–সংশ্লিষ্ট একটি সূত্র ক্রিকেট পোর্টাল ক্রিকবাজকে নিশ্চিত করেছে।

বৈঠকে আসিফ নজরুল বিশ্বকাপ ইস্যুতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খেলোয়াড়দের অবহিত করবেন। পাশাপাশি তিনি ক্রিকেটারদের মতামতও শুনবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস স্বীকার করেছিলেন, আইসিসি মেনস টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশ অংশ নেবে কি না—এই অনিশ্চয়তার সময়ে খেলোয়াড়দের সম্মতি নেওয়া হয়নি।

সরকারি অবস্থান জানাতেই জাতীয় দলের ক্রিকেটারদের এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। আইসিসি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করার পরই সরকার সরাসরি খেলোয়াড়দের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে।

আইসিসির বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে—ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত