নিজেদের অবস্থান থেকে বিএনপি মাইলস্টোনে হতাহতদের পরিবারের পাশে থাকার চেষ্টা করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসা মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
সাক্ষাতে ভুক্তভোগীরা নিজেদের সমস্যার কথা জানাতে চাইলে তারেক রহমান বলেন, ‘আজ হয়তো সবকিছু সম্ভব হবে না। সবকিছু মিলিয়ে আপনারা তো বুঝতেই পারছেন। তবে যত দ্রুত সম্ভব আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের পক্ষ থেকে যতটুকু সাধ্য আছে, তা করার চেষ্টা করব। নির্বাচনের পর আল্লাহর রহমত হলে আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব, ইনশাআল্লাহ। কতটুকু পারব জানি না, তবে আমাদের চেষ্টা থাকবে যতটুকু করা যায়।’ তিনি বলেন, আপনারা একটি বড় বিপদের মধ্যে পড়েছেন। স্বাভাবিকভাবেই মানুষের জীবনে বিপদ আসে। আমার জীবনেও অনেক বিপদ এসেছে। ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরা ছাড়া তো উপায় নেই। ইনশাআল্লাহ কোনো না কোনো উপায় বের হবে।
এর আগে মাইলস্টোনে নিহত ও আহত শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্যোগে সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে গতকাল দুপুরে আলাদাভাবে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। তাদের মধ্যে বিজেপির আন্দালিব রহমান পার্থ, আমজনতার মিয়া মসিউজ্জামান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জনঅধিকার পার্টির ইসমাইল হোসেন সম্রাট ও নেজামী ইসলাম পার্টির একেএম আশরাফুল হক নিজ নিজ দলের নেতৃত্ব দেন।
পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি দেখা করেন তারেক রহমানের সঙ্গে। ডিআরইউ কমিটির নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
