নাটোরের সিংড়ায় সহকারী অধ্যাপক ও উপজেলা জিয়া পরিষদের সদস্য রেজাউল করিমকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতদের স্বজনদের দেওয়া আগুনে আওয়ামী লীগ কর্মী ওহাব আলীর বৃদ্ধা মায়ের মৃতুৗ হয়। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুমারপাড়ায় এঘটনা ঘটে।
নিহত রেজাউল করিমকে (৫৩) সিংড়ার বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সিংড়া উপজেলার কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা।
মৃত ছাবিহা (৭৫) কুমারপাড়ার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী ওহাব আলীর মা।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে কলমের কুমারপাড়ায় রাস্তার পাশে গলা কাটা অবস্থায় রেজাউল করিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এঘটনায় নিহত রেজাউল করিমের বিক্ষুব্ধ স্বজনরা আওয়ামী লীগ কর্মী ওহাব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় আগুনে পুড়ে ওহাব আলীর মা ছাবিহা মারা যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, ময়নাতদন্তের জন্য দুটি মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।
