কুমিল্লায় এজিপির বাসা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ২

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

কুমিল্লায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আদালতের এক সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) ও আরেক যুবককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৬টার পর নগরের টমছমব্রিজ এলাকা থেকে আরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবককে প্রথমে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি গুলি ও ১টি ছুরি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা আদালতের এজিপি কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমের (৫১) বাসায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, আরিফুল ইসলামের মুঠোফোন তল্লাশি করে অস্ত্রের ছবি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, অস্ত্রটি মাসুদুল হকের বাসায় রাখা আছে। এরপর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তার বাসার ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। পরে মাসুদুল হককেও পুলিশের হেফাজতে নেওয়া হয়। 

আটক মাসুদুল হক জামায়াতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত। তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের ছোট ভাই। অপরদিকে, আটক আরিফুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বক্তব্য জানতে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তিনি ঘটনাটি জেনেছেন। থানা থেকে মামলার নথিপত্র পেলে সরকারি কৌঁসুলির সঙ্গে আলোচনা করে বিষয়টি আইন মন্ত্রণালয়ে জানানো হবে। এরপর এজিপি হিসেবে মাসুদুল হকের দায়িত্বের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত