বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালের পুনর্নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় দুপুরে নির্মাণকাজের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকতা মো. মাসুদ রানা। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২০ জানুয়ারি ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলায় মহাসড়কের পাশে নির্মিত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরালটি অপসারণ করা হয়। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের পরিবারের অনুমতি ক্রমেই এই ম্যুরালটি সরানো হয় বলে জানানো হয়। শুধু তাই নয় সড়ক সংস্কারের জন্য নির্ধারিত জায়গার পর মহাসড়কের পাশেই আগে থেকে আরও বড় পরিসরে এই ভাস্কর্যটি নির্মাণ করা হবে বলে জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
×
