একের পর এক দেশের বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটছে। গত কয়েক দিনে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি চিকিৎসক নিপীড়নের ঘটনা ঘটেছে। পর্যায়ক্রমে হাসপাতালগুলোতে হামলার পেছনে স্বাস্থ্য ব্যবস্থা অস্থিতিশীল করার কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না, তা সরকারের খতিয়ে দেখা উচিত বলে মনে করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। গতকাল শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি বলেন, রোগী অথবা রোগীর স্বজনদের দায়িত্বে অবহেলাবিষয়ক কোনো অভিযোগ থাকলে তা সুরাহা করার জন্য বিএমডিসিসহ সরকারি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। কিন্তু সেই পদ্ধতি অনুসরণ না করে আইন নিজের হাতে তুলে নেওয়া অত্যন্ত গর্হিত ও নিন্দনীয় কাজ।
