বেসরকারি পর্যায়ে দেশে প্রথম পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। ধানম-ি-২-এ স্থাপিত হাসপাতালটির নাম অ্যাডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল (এডিএম)। মুখের ক্যানসার, টিউমার, চোয়ালের সব ধরনের অপারেশন, আঁকাবাঁকা দাঁত বিশেষজ্ঞ, অ্যান্ডোডন্টিস্ট, শিশু দন্ত রোগ বিশেষজ্ঞসহ মুখ ও দাঁতের সব ধরনের রোগের চিকিৎসা পাওয়া যাবে এই হাসপাতালে। শতাধিক ডাক্তারদের সমন্বয়ে গঠিত এই হাসপাতালে ডেন্টিস্ট্রির সব বিভাগের দক্ষ এবং বিশেষজ্ঞ কনসালট্যান্টরা সেবা দেবেন। থাকছে ২৪ ঘণ্টা সেবা। ইনডোর এবং আউটডোরসহ আইসিইউ সুবিধা।
গতকাল শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহীনুল আলম। তিনি বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ রকম হাই-টেক ডেন্টাল হাসপাতাল দেশের রোগীদের জন্য একটি আশীর্বাদ। ইনফেকশন কন্ট্রোল এবং অ্যাক্রিডিটেশনের ওপর জোর দিয়ে তিনি বলেন, আমাদের বেশিরভাগ হাসপাতালেই প্রচুর ইনফেকশন হয়। এই সংক্রমণ কমাতে হলে খুব সতর্কতার সঙ্গে প্রাকটিস করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউর প্রোভিসি অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, রাশিয়ান অ্যাম্বাসির ডিরেক্টর অব হাউজ আলেকজান্দ্রা খলেভনয়।
