চীনকে দমন নয়, প্রতিরোধ করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম

ট্রাম্প প্রশাসনের নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশলে চীনের প্রতি তুলনামূলক নমনীয় অবস্থান নেওয়া হয়েছে, পাশাপাশি মিত্র দেশগুলোকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই বেশি বহনের আহ্বান জানানো হয়েছে। এছাড়া এতে নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে একটি 'তাত্ত্বিক ধারণা' হিসেবে উল্লেখ করে এর গুরুত্বও খাটো করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রকাশিত এই কৌশলপত্রে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, বিশেষ করে পশ্চিম গোলার্ধকে। এতে পানামা খাল, 'গালফ অব আমেরিকা' ও গ্রিনল্যান্ডের মতো কৌশলগত অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ও বাণিজ্যিক প্রবেশাধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে, যা এসব এলাকায় প্রভাব বজায় রাখার ইঙ্গিত দেয়। 

নথিটিতে ইউরোপের প্রতি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকারে ইউরোপ আর আগের মতো কেন্দ্রীয় অবস্থানে নেই। যদিও বিচ্ছিন্নতাবাদের অভিযোগ নাকচ করা হয়েছে, তবে 'আমেরিকা ফার্স্ট' নীতির ওপর জোর দিয়ে বলা হয়েছে—বিশ্বের সব হুমকি যুক্তরাষ্ট্রের জন্য সমান গুরুত্ব বহন করে না। 

তবে তুলনামূলক নরম ভাষা ব্যবহার করা হলেও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের মোকাবিলা করাকে এখনো গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। কৌশলপত্রে জোর দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের প্রতি হুমকিই সবচেয়ে সরাসরি ও গুরুত্বপূর্ণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত