ক্রিকেটের পর ফুটবলেও সেরার পথে রাজশাহী

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

একদিন আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। একই মালিকের রাজশাহী স্টার্স এবার নারী ফুটবল লিগের শিরোপা জয়ের পথে এগিয়ে গেছে অনেকটাই। শনিবার ঋতুপর্ণা চাকমারা প্রধান প্রতিপক্ষ ফরাশগঞ্জকে ১-০ গোলে হারিয়েছে। আলপি আক্তার জয়সূচক গোলটি করে অভিষেকেই রাজশাহীকে শিরোপা স্বপ্ন দেখাতে শুরু করেছেন। 

শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে লড়াইটা হয়েছে সমানে সমান। তবে সে লড়াইয়ে জিতে গেলেন আলপি। চলতি লিগে তিনি আছেন দারুণ ফর্মে। ইতিমধ্যে করে ফেলেছেন ২০ গোল। তবে সেরার তালিকায় তার ওপরে থাকা শামসুন্নাহার জুনিয়র (২২ গোল) আসল সময়ে জ্বলতে পারেননি। তাই প্রথম হারের তেতো স্বাদ পেতে হয়েছে তার দল ফরাশগঞ্জকে। 

সাত ম্যাচে শতভাগ জয়ে ২১ পয়েন্ট রাজশাহীর। সমান খেলায় ৬ জয় এবং এক পরাজয়ে ১৮ পয়েন্টে টেবিলের তিনে ফরাশগঞ্জ। এক ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাব।

লিগের বাকি আরও তিন রাউন্ড। রাজশাহীর প্রতিপক্ষ তিন দলের মধ্যে দু'দলই ভীষণ দুর্বল সিরাজ স্মৃতি ও সদ্যপুস্করণী। তবে শেষ ম্যাচটা তাদের খেলতে হবে আর্মির সঙ্গে। যাদেরকে ১-০ গোলে হারাতে বেগ পেতে হয়েছিল ফরাশগঞ্জের। ২ ফেব্রুয়ারি সে ম্যাচে কোনো অঘটন না ঘটলে শিরোপা যাবে রাজশাহীর ঘরে। তাতে শিরোপা ডাবলস জেতা হয়ে যাবে রাজশাহীর। ফরাশগঞ্জেরও তিন ম্যাচ বাকি। তবে তিনটিতে জিতলেও হবে না, তাদের তাকিয়ে থাকতে হবে রাজশাহী-আর্মি ম্যাচে দিকে। রাজশাহীর ভবিষ্যতের সঙ্গে তাই নির্ভর করছে ফরাশগঞ্জেরও শিরোপা স্বপ্ন।

ম্যাচের ৩৯ মিনিটে ফরাশগঞ্জ কিপার ইয়ারজান বেগমের মহা ভুলে এগিয়ে যায় রাজশাহী। ইয়ারজান গোলকিক থেকে বল পেয়ে গোল করেন আলপি আক্তার। এরপর ফরাশগঞ্জ জোড় চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। বিশেষ করে দলটির হয়ে খেলা জাতীয় দলের তারকা- মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়ন, মারিয়া মান্ডারা অনেকচেষ্টা করেও দলকে হারের মুখ থেকে ফেরাতে পারেননি। 

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জেতানো আলপি আক্তার বলেন, ‘অবশ্যই খুব ভালো লাগছে, কারণ এই ম্যাচটি জিতলে শিরোপা জেতার সুযোগ আছে। আমরা প্রতিটি ম্যাচে জয়ের জন্য নেমেছি, আজকেও তাই। শেষ পর্যন্ত জিততে পেরে ভালো লাগছে।’ আলপি ছাড়াও রাজশাহী দলটি গড়ে উঠেছে ঋতুপর্ণা, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, শিউলি আজিমদের মতো তারকাদের নিয়ে। এমন ম্যাচে প্রতিষ্ঠিত তারকাদের ছাঁপিয়ে সেরা হয়ে বেশ খুশি আলপি, ‘সিনিয়রদের সামনে পারফর্ম করতে পারলে আলাদা ভালো লাগা কাজ করে। আজকেও ভালো করতে পেরেছি।'

রাজশাহীকে হারাতে না পেরে হতাশ ফরাশগঞ্জ অধিনায়ক মারিয়া মান্ডা, ‘আসলে কিছু করার নেই, আমরা চেষ্টা করেছি, তবে পারিনি। একটা ভুলে গোল হয়ে যায়, সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারিনি। এখন সামনে তাকাতে হবে। পরের ম্যাচগুলো জিততে হবে। এরপর দেখা যাবে কি হয়।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত