আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছদ্মবেশে ডাকাতির চেষ্টাকালে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে চাকরিচ্যুত ও বরখাস্তকৃত পুলিশ-সেনা সদস্য ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার দুপুরে লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর টোল প্লাজা থেকে তাদের গ্রেপ্তার করে।
এ সময় ১টি সিলভার রংয়ের হাইয়েচ মাইক্রোবাস, ১টি ওয়ারলেস সেট, ১টি খেলনা পিস্তল, ১ জোড়া স্ট্রিলের হ্যান্ডকাপ, পুলিশের মনোগ্রামযুক্ত ৪টি ডিবি পুলিশের কটি, ১টি ইলেকট্রিক শক মেশিন ও ১টি চায়না লেজার লাইট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্য কাজল ইসলাম জিকু (৩০), সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্য রুবেল রানা (৩০) ও চাকরিচ্যুত সেনাসদস্য মোস্তাফিজুর রহমান রাজু (৪৮)। অপর গ্রেপ্তারকৃতরা হচ্ছেন বশির হাওলাদার (৫৬), হীরা বেপারী (৪৮) ও ফয়সাল রাব্বি (২১)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানাধীন এলাকায় মাইক্রোযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতির খবর পান জেলা ডিবি পুলিশের টহলরত টিম। এতে দুপুর সাড়ে ১২টার দিকে তারা পদ্মা সেতুর টোল প্লাজার ৪ নম্বর লেনে চেকপোস্ট বসান। এ সময় মাইক্রোর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেন। পরে তাদের চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বশিরের বিরুদ্ধে ৯টি মামলা, চাকরিচ্যুত পুলিশ সদস্য কাজলের বিরুদ্ধে ৭টি, হীরা বেপারীর বিরুদ্ধে ৩টি, চাকরিচ্যুত সেনাসদস্য রাজুর বিরুদ্ধে ২টি ও বরখাস্তকৃত পুলিশ সদস্য রুবেলের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। তাছাড়া অপর গ্রেপ্তার রাব্বি জব্দ করা হাইয়েচ মাইক্রোর চালক।
