মাদারীপুরের রাজৈরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১০ আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সুপার মো.হাবিবুর রহমানের নির্দেশে রাজৈর থানা এলাকায় শনিবার (১১ এপ্রিল) বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তাররা হলেন সজিব মোল্লা (২৫), লিসান শেখ (২৪), আনোয়ার মাতুব্বর (৪৫), শামীম মাতুব্বর (৩০), খোকন কাজী (৪০), পান্নু কাজী (৪৩), রাসেল শেখ (২০), সঞ্জু হাওলাদার (১৯), কামরুন্নাহার হ্যাপি (৪০) ও নাসির শেখ (৫০)। এদের মধ্যে ৯ জন মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্ন এলাকার ও একজন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা।
মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশে অভিযান পরিচালনাকালে গোপন খবরের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরি, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম জানান,জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
