আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির চেষ্টা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৪০ এএম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছদ্মবেশে ডাকাতির চেষ্টাকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর টোল প্লাজা থেকে চাকরিচ্যুত ও বরখাস্তকৃত পুলিশ-সেনা সদস্য ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার দুপুরে জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর টোল প্লাজা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১টি সিলভার রঙের হাইয়েস মাইক্রোবাস, ১টি ওয়্যারলেস সেট, ১টি খেলনা পিস্তল, ১ জোড়া স্টিলের হ্যান্ডকাপ, পুলিশের মনোগ্রামযুক্ত ৪টি ডিবি পুলিশের কটি, ১টি ইলেকট্রিক শক মেশিন ও ১টি চায়না লেজার লাইট জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. কাজল ইসলাম জিকু (৩০), সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্য মো. রুবেল রানা (৩০) ও চাকরিচ্যুত সেনা সদস্য মো. মোস্তাফিজুর রহমান রাজু (৪৮)। অপর গ্রেপ্তাররা হচ্ছে  মো. বশির হাওলাদার (৫৬), মো. হীরা ব্যাপারী (৪৮) ও মো. ফয়সাল রাব্বি (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানাধীন এলাকায় মাইক্রোযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতির খবর পায় জেলা ডিবি পুলিশের টহলরত টিম। এতে দুপুর সাড়ে ১২টার দিকে তারা জেলার লৌহজং উপজেলার মাওয়া এলাকার পদ্মা সেতুর টোল প্লাজার ৪ নাম্বার লেনে চেকপোস্ট বসান। এ সময় মাইক্রোর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন। পরে তাদের চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ডাকাতির কাজে ব্যবহৃত সমুদয় সরঞ্জামাদিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বশিরের বিরুদ্ধে ৯টি মামলা, চাকরিচ্যুত পুলিশ সদস্য কাজলের বিরুদ্ধে ৭টি, হীরা ব্যাপারীর বিরুদ্ধে ৩টি, চাকরিচ্যুত সেনা সদস্য রাজুর বিরুদ্ধে ২টি ও বরখাস্তকৃত পুলিশ সদস্য রুবেলের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। তাছাড়া অপর গ্রেপ্তার রাব্বি জব্দ করা হাইয়েস মাইক্রোর চালক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত