ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ট্রাকচালক নিহত হন। নিহতরা হলেন ট্রাকচালক নবীন সেখ ও হেলপার মো. রাশেদ। উভয়ের বাড়ি ফরিদপুর শহরতলীর সিএমবি ঘাট এলাকায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৮ জন বাসযাত্রী। তাদের সবাইকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছে ১২ জন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আটজনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর স্থানান্তর করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, ইটবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুজন নিহত এবং কমপক্ষে ১৫ থেকে ২০ জন আহত হয়েছে। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
