উপদেষ্টা আদিলুর বললেন

গণভোট নিয়ে নিরপেক্ষ থাকার সুযোগ নেই

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ এএম

বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও জুলাই আন্দোলনে শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও মাগফিরাত কামনায় দোয়া করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। গতকাল শনিবার সকাল সোয়া ১০টায় বগুড়া শহরের সাতমাথাস্থ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে শহরের নামাজগড় কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করেন। বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

মতবিনিময় সভায় তিনি বলেন, গণভোট নিয়ে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। যারা জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদ এবং শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল, তারা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবেন এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন। গণভোট উপলক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় বক্তব্য দেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মকছুদ জাহেদী এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সভাটি সঞ্চালনা করেন। এর আগে সকালে পুষ্পস্তবক অর্পণকালে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতারসহ বগুড়ার আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত