গোবিন্দগঞ্জ আসনে জামায়াত-বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ৩২ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে নির্বাচনের উত্তাপ ততই বাড়ছে।

এ আসনে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক অবস্থা নড়বড়ে থাকায় জামাত-বিএনপি রয়েছে সুবিধাজনক অবস্থায়। এর ফলে জামায়াত-বিএনপি দল দুটির নির্বাচনী মাঠের ভোটযুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।

গোবিন্দগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, সাবেক এমপি শামীম কায়সার লিংকন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (হাত পাখা), বিপ্লবি ওয়ার্কার্স পার্টির আতোয়ারুল ইসলাম (কোদাল) ও স্বতন্ত্র প্রার্থী এডভোকেট আব্দুর রউফ আকন্দ (মোটর সাইকেল)। 

গত ২২ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরের দিন থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের সমর্থন লাভের আশায় তাদের দ্বারে দ্বারে ঘুরছেন ।

সাধারণ ভোটাররা বলেছেন, এ আসনে জামায়াত-বিএনপির মধ্যে ভোটযুদ্ধ হবে। তবে কে আসনটি দখল নেবে- এটাই এখন দেখার বিষয়। জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা ভোটারদের সমর্থনে দ্বারে দ্বারে ঘুরলেও তাদের মাঝে তেমন একটা সাড়া জাগাতে পারেনি।

বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকন বলেন, আমার আসনের ভোটারা আমাকে নির্বাচিত করলে সর্বপ্রথম সব শ্রেণি-পেশার মানুষজনের সঙ্গে মতবিনিময় করে তাদের চাওয়া-পাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে। আমি কাজে বিশ্বাসী, কথায় নয়। আমি কাজ করতে চাই। প্রতিটি মানুষের প্রয়োজনে আমার দরজা সবসময় খোলা থাকবে।

জামায়াতের প্রার্থী ড. আব্দুর রহিম সরকার বলেন, আমি নির্বাচিত হলে দুর্নীতি বৈষম্য, সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ব। পাশাপাশি শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিবর্তনে কাজ করব এবং অসহায়-দরিদ্র-দুস্থ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থাকব, ইনশাআল্লাহ।

এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬২৮ জন ও নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭৪৬ জন এবং হিজড়া ভোটার ১০ জন। এসব ভোটার আগামী ১২ ফেব্রুয়ারি ১৪২টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত