হাতিয়া

হান্নান মাসউদের মিথ্যাচার, এনসিপিতে যোগ দেওয়া ৫০০ নেতাকর্মী ‘বিএনপির নয়’

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছে বলে আবদুল হান্নান মাসউদ মিথ্যাচার করেছেন। রবিবার দুপুরে হাতিয়া উপজেলা সদর ওসখালীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাছউদুর রহমান বাবর।

তিনি অভিযোগ করে বলেন, আবদুল হান্নান মাসউদ ২৪ জানুয়ারি এক সংবাদ সম্মেলন বিএনপির পাঁচ শতাধিক নেতা কর্মী এনসিপিতে যোগদান করেছে বলে ঘোষণা দেন। কিন্তু তার নিজ দলীয় শতাধিক নেতাকর্মীও বাস্তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। তাছাড়া তিনি যাদের বিএনপির লোক বলে এনসিপিতে যোগদান করিয়েছেন তারা প্রকৃত বিএনপির কোন সদস্য নয়। তারা প্রকৃত পক্ষে পতিত আওয়ামী লীগের কোন না কোন ভাবে সুবিধাভোগী। এনসিপির প্রার্থী হান্নান মাসউদ সংবাদ সম্মেলনে বিএনপির সদস্য বলে প্রচার করে মূলত একটা মিথ্যাচার করেছেন।

তিনি আরও বলেন, ৯০ ভাগ ভোট এনসিপি পাবে। তাহলে তিনি কি শেখ হাসিনা স্টাইলে ভোট করবেন? তার ৯০ ভাগ ভোটের কথা প্রমাণ করে তিনি সন্ত্রাসীদের সহযোগিতায় ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছেন। এমন দুঃসাহস হাতিয়ার সাধারণ জনগণ প্রতিহত করবে। মিথ্যাচার আর গুজবের বিরুদ্ধে বিএনপি অবস্থান সব সময়।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক আবদুর রব, উপজেলা যুবদলের আহবায়ক-ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক- নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব- সুমন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক- রিয়াজ মাহমুদ, সদস্য সচিব- আবদুল হালিম, পৌরসভা ছাত্রদলের আহবায়ক- শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব- মো. ফরহাদ মাহমুদ, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক- মাকছুদুর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত