নজরুল ইসলাম বললেন

ইমানি পরীক্ষায় ফেলে জামায়াত নেতাদের এমন কিছু বলা উচিত না

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আল্লাহ কারও দম্ভ ও অহংকার পছন্দ করেন না। জামায়াতের নেতারা বলেন, ঢাকার একটি সিটও নাকি দেবে না, এই কথা বলা কি অহংকার না? আমি বলি, এগুলো ঠিক না। এগুলো তাদের কর্মীদের সাহস দেওয়ার জন্য বোধহয় বলে। কিন্তু এমন কিছু বলা উচিত না, যেটা তাদের ইমানকে পর্যন্ত পরীক্ষায় ফেলে।’

গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় নজরুল ইসলাম এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, ‘ঢাকা-১৭ আসনে তাদের (জামায়াতের) প্রার্থী বলেছেন, ঢাকায় কোনো সিট দেবে না আরকি। আচ্ছা বলেন ভাই, সিট দেওয়ার মালিকটা কে? অবশ্যই আল্লাহ। কার ক্ষমতায় বলতেছে যে ঢাকায় আর কোনো আসন কাউকে দেওয়া হবে না? আরে ভাই আমরা তো ৯১ সালে ঢাকায় সব আসন পাইছিলাম। আমরা তো বলতেছি না অন্য কেউ কোনো আসন পাবে না। পাইতেই পারে। অসম্ভব কী? নির্বাচন তো একটা আনসার্টেইন (অনিশ্চিত) ব্যাপার। আল্লাহ যাকে সাহায্য করবেন, জনগণ সে অনুযায়ী সমর্থন করবে এবং নির্বাচিত হবেন।’

তিনি আরও বলেন, ‘দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে নির্বাচন কমিশন নাকি দুর্বল আচরণ করেছে। আমাদের দেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বলা আছে, বাংলাদেশে জন্মসূত্রে কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিক থেকে থাকেন, তিনি যদি সেই নাগরিকত্ব পরিত্যাগ করেন, তাহলে নির্বাচন অংশগ্রহণ করতে তার কোনো বাধা নেই।’

আলোচনা সভায় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজুল উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত