মেসি-রোনালদোর চেয়েও দ্রুততম ১০০ গোল অবদান ইয়ামালের

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম

স্পেনের ফুটবলে নতুন এক অধ্যায়ের নাম লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও দ্রুত ১০০ গোল অবদান করে ফেলেছেন। লা লিগার ২১তম ম্যাচডেতে রবিবার রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ৩-০ গোলের সহজ জয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করেছে বার্সেলোনা।

ম্যাচের শেষ দিকে চোখধাঁধানো এক গোল করে জয় নিশ্চিত করেন ইয়ামাল। কাঁচি কিক ও ব্যাকহিলের মিশেলে নেওয়া তার অ্যাক্রোবেটিক ভলিটি স্পেনজুড়ে প্রশংসার ঝড় তোলে। এর মাধ্যমেই তিনি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারের একশ গোলে অবদানের মাইলফলক ছুঁয়ে ফেলেন স্প্যানিশ তারকা।

বার্সেলোনার হয়ে ১৩২ ম্যাচে ৩৬ গোল এবং ৪৬টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। কাতালান ক্লাবটির হয়ে তার মোট গোল অবদান ৮২টি। স্পেন জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে ৬ গোলের পাশাপাশি ১২ অ্যাসিস্ট- মোট ১৮টি গোল অবদান রেখেছেন। সব মিলিয়ে মাত্র ১৫৫ ম্যাচেই ১০০ গোল অবদান পূর্ণ করেছেন ইয়ামাল।

এই কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন ফুটবল ইতিহাসের দুই মহাতারকাকে। লিওনেল মেসির ১০০ গোল অবদানে পৌঁছাতে লেগেছিল ১৫৯ ম্যাচ, আর ক্রিশ্চিয়ানো রোনালদোর লেগেছিল ২৩৬ ম্যাচ। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মেসি ও রোনালদো দুজনই এই মাইলফলকে পৌঁছেছিলেন ২১ বছর বয়সে, যেখানে ইয়ামালের এখনো ১৯ পূর্ণ হয়নি।

ফুটবল বিশ্লেষকদের মতে, বয়সের তুলনায় ইয়ামালের পরিণত মানসিকতা ও ধারাবাহিকতা সত্যিই বিরল। বার্সেলোনার মিশ্র অভিজ্ঞতায় ভরা এক মৌসুমেও তিনি নিয়মিত গোল ও অ্যাসিস্ট করে যাচ্ছেন। পারফর্মেন্সই বলে দিচ্ছে লামিনে ইয়ামাল কেবল প্রতিভাবান নন, বরং ইতোমধ্যেই ভবিষ্যৎ ফুটবলের অন্যতম মুখ হয়ে উঠছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত