শরীয়তপুর–৩ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে প্রতিদ্বন্দ্বী দল ব্যতীত বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন একত্রিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।
সোমবার বিকেলে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের চরসাতমাটিয়া গ্রামের চৌকিদার বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর দলীয় ঐক্য গড়ে তুলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শরীয়তপুর জেলাকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও আত্মনির্ভরশীল শরীয়তপুর গড়ে তোলা হবে।
উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
'ভারত চেয়েছিল বিশ্বকাপে বাংলাদেশ খেলুক, কিন্তু পাকিস্তানের প্ররোচনায়....'