যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড ব্যবস্থার আওতায় ব্যবসা ও পর্যটনের উদ্দেশে যাওয়ার জন্য যারা যোগ্য বিবেচিত হবেন, তারা একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) সর্বোচ্চ তিন মাস মেয়াদি (বি-ওয়ান ও বি-টু) ভিসা পাবেন। ঢাকায় দেশটির দূতাবাস গতকাল সোমবার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানায়।
ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করে, তা তুলে ধরে দূতাবাস বলছে, ভিসার জন্য সাক্ষাৎকারের পর যোগ্য বিবেচিত হলে কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীকে পিওয়াই ডট জিওভির সরাসরি লিংক দিয়ে ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন।
ভিসা দেওয়া হলে নির্ধারিত কিছু বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। ভ্রমণ শেষে দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে। শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা।
মার্কিন সরকারের ঘোষণা অনুযায়ী, পর্যটন ও ব্যবসা ভিসার জন্য যোগ্য বিবেচিত ব্যক্তিকে সর্বনিম্ন ৫ হাজার থেকে সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত একটি বন্ড জমা দিতে হবে।
গত ২১ জানুয়ারি থেকে এ ভিসা বন্ড ব্যবস্থা চালু হয়েছে। ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি-ওয়ান ও বি-টু ভিসা পেয়েছেন, এমন ব্যক্তিদের ক্ষেত্রে বন্ড দেওয়ার এই শর্ত প্রযোজ্য নয়।
ভিসার জন্য সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ না করার পরামর্শ দিয়ে দূতাবাস বলছে, আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসার নিশ্চয়তা দেয় না।
ভিসা বন্ডের বিষয়ে তৃতীয় পক্ষের ওয়েবসাইট প্রতারণামূলক হতে পারে, এ বিষয়ে সতর্ক করে দিয়ে দূতাবাস বলছে, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়।
